নানাবাড়ির পুকুরে ডুবে মারা গেল যমজ ভাই-বোন
মুন্সিগঞ্জের সিরাজদীখানে নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে তানিশা (৮) ও রায়হান (৮) নামের যমজ ভাইবোনের মৃত্যু হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তানিশা ও রায়হানের বাবা শরিফ কুয়েত প্রবাসী। তাদের বাড়ি ঢাকার ডেমরার ঠুলঠুলিয়া চেয়ারম্যানবাড়ি এলাকায়।
হাসপাতালে শিশুদের নানা কাশেম মিয়া জানান, 'গতকাল শনিবার তারা নানাবাড়িতে বেড়াতে আসে। আজ দুপুরে সবার আড়ালে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে যায় দুই ভাই-বোন। হঠাৎ করে অসাবধানতাবশত একজন পুকুরে পড়ে গেলে তাকে হাত বাড়িয়ে বাঁচানোর চেষ্টা করেন অপরজন। একপর্যায়ে তিনিও পানিতে তলিয়ে যান।'
পরবর্তীতে স্থানীয়রা তাদের ভাসমান অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৩টায় দুজনকেই মৃত ঘোষণা করেন।
মন্তব্য (০)
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।