ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ইংল্যান্ড
দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়ের যৌথ আয়োজনে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের নতুন টুর্নামেন্ট কাঠামো ও সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
৮ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। গ্রুপ ‘বি’তে প্রতিপক্ষ হিসেবে আরও থাকছে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল।
৫০ ওভারের বিশ্বকাপের চতুর্দশ আসরের গ্রুপিং ও সূচি বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রকাশ করে আইসিসি।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলার পর ১২ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৬ অক্টোবর শ্রীলঙ্কা, ১৯ অক্টোবর স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও ২৩ অক্টোবর সুপার সিরিজে খেলে আসা দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
গ্রুপ ‘এ’–তে আছে ভারত ও পাকিস্তান, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, জিম্বাবুয়ে ও বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল। ৭ অক্টোবর কেপটাউনে গত বিশ্বকাপের ফাইনাল খেলা দুই দল ভারত–অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপের গ্রুপপর্ব। এর আগে ২ অক্টোবর শুরু হবে সুপার সিরিজ।
গ্রুপ পর্বে দুই গ্রুপের শীর্ষ তিন দল সরাসরি সুপার সেভেনে উঠবে। দুই গ্রুপের চতুর্থ দলের মধ্যে বেশি পয়েন্ট পাওয়া দলও সপ্তম দল হিসেবে এই পর্বে জায়গা পাবে। সুপার সেভেনে কোনো দল গ্রুপ পর্বের পয়েন্ট বহন করবে না। প্রতিটি দল ছয়টি করে ম্যাচ খেলবে।
সুপার সেভেন পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ চার দল সেমিফাইনালে উঠবে। ১৭ ও ১৮ নভেম্বর হবে দুটি সেমিফাইনাল। ২১ নভেম্বর জোহানেসবার্গে হবে ফাইনাল।
এবারের বিশ্বকাপে মোট ৫৭টি ম্যাচ হবে ১২টি ভেন্যুতে—দক্ষিণ আফ্রিকার আটটি, জিম্বাবুয়ের তিনটি এবং নামিবিয়ার একটি ভেন্যুতে।
মন্তব্য (০)
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।