১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা
দেশের বাজারে আবারও বাড়ল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য। নতুন মূল্য অনুযায়ী অক্টোবর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ দাম ঘোষণা করে।নতুন দাম আজ থেকেই কার্যকর হবে।
বিইআরসির সর্বশেষ সিদ্ধান্তের ফলে সেপ্টেম্বরের নির্ধারিত দরের তুলনায় এবার একবারে ২৫২ টাকা বেশি গুনতে হবে ভোক্তাদের। গত মাসে ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৮৫ টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে এলপিজির এই বহুল ব্যবহৃত সিলিন্ডারের দাম প্রায় ১৬ শতাংশ বেড়েছে।
গত কয়েক মাসের মূল্যতালিকা পর্যালোচনা করলে দেখা যায়, এলপিজির দরে বেশ ওঠানামা হয়েছে। জুলাইয়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫২৮ টাকা। আগস্টে ৭০ টাকা বাড়িয়ে তা ১ হাজার ৫৯৮ টাকা করা হয়। এরপর সেপ্টেম্বরে ১৩ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৫৮৫ টাকা।
বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে সর্বশেষ এ মূল্য সমন্বয় করা হয়েছে। আন্তর্জাতিক বাজারদরের ভিত্তিতে নিয়ন্ত্রক সংস্থাটি প্রতি মাসে এলপিজির দাম পর্যালোচনা করে।
মন্তব্য (০)
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।