৪ বারে এনবিআরের অভিযানে বিপুল অবৈধ মদ, জিনসেং ও জাফরান উদ্ধার
রাজধানীর চারটি বারে অভিযান চালিয়ে বিপুল অবৈধ মদ, জিনসেং ও জাফরান উদ্ধার করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সমন্বিত গোয়েন্দা দল।
শনিবার (৩ অক্টোবর) রাতে অভিযান শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক রিজভী আহমেদ।
তিনি জানান, এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি), কাস্টমস গোয়েন্দা, আয়কর গোয়েন্দা, ভ্যাট গোয়েন্দা এবং স্থানীয় ভ্যাট কমিশনারেটের সমন্বয়ে গঠিত চারটি টিম একযোগে এ অভিযান পরিচালনা করে।
জানা গেছে, গুলশানের ফু-ওয়াং ক্লাবে অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ২৩০ বোতল অবৈধ মদ, অনুমোদনহীন জিনসেং ও প্রায় এক কেজি উচ্চমূল্যের জাফরান উদ্ধার করা হয়।
একই সময় উত্তরার মার্গারিটা লাউঞ্জে অভিযান চালিয়ে ৬০৮ লিটার অনুমোদনহীন মদ উদ্ধার করা হয়।
তেজগাঁওয়ের হলিডে ইন হোটেলের বারটি মূল হোটেলের নামে লাইসেন্সকৃত না হয়ে হাবিব হোটেল নামে পরিচালিত হচ্ছিল। এছাড়া তাদের কাছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপযুক্ত কোনো অনুমোদনও ছিল না। এখান থেকে ২৯ লিটার অনুমোদনহীন মদ জব্দ করা হয়।
এনবিআরের ইতিহাসে এটি একটি বিশেষ সমন্বিত অভিযান। শুল্ক ফাঁকি ও অবৈধ মদের কারবার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
মন্তব্য (০)
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।