মহাখালীর ইউনিভার্সেল মেডিকেলে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ
রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের চরম অবহেলা, ভুল চিকিৎসা এবং অতিরিক্ত মাত্রায় (ওভারডোজ) অ্যান্টিবায়োটিক প্রয়োগের কারণে ৪ বছর ৬ মাস বয়সী শিশু আভানের মৃত্যুর অভিযোগ উঠেছে।
শনিবার রাতে হাসপাতালের পিআইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু ঘটে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে মৃত্যুর কারণ বা পরিবারের অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
নিহত শিশুর বাবা মো. মৃদুল ইসলাম অভিযোগ করে জানান, সামান্য জ্বর ও পেটে ব্যথা নিয়ে গত ২৮ সেপ্টেম্বর আভানকে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর চিকিৎসকেরা তাকে ডেঙ্গু রোগী হিসেবে সন্দেহ করে চিকিৎসা শুরু করেন। তবে হাসপাতালে দফায় দফায় রক্ত ও ডেঙ্গু পরীক্ষা করানো হলেও প্রতিবারই রিপোর্ট ‘নেগেটিভ’ আসে। ডেঙ্গুর সুস্পষ্ট কোনো আলামত না থাকা সত্ত্বেও চিকিৎসকেরা সেই পথেই চিকিৎসা চালিয়ে যান এবং উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে থাকেন।
স্বজনরা জানান, গত ২ অক্টোবর হঠাৎ করেই শিশুটির শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটির পালস পাওয়া যাচ্ছে না এবং তাকে দ্রুত নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নিতে হবে। এ সময় পরিবার শিশুটিকে অন্য কোনো বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ টালবাহানা শুরু করে। দায়িত্বপ্রাপ্ত মূল চিকিৎসক মুঠোফোনে দিকনির্দেশনা দিচ্ছিলেন এবং সে অনুযায়ী অনভিজ্ঞ হাতে চিকিৎসা চলছিল। হাসপাতাল কর্তৃপক্ষ দফায় দফায় উন্নতির মিথ্যা আশ্বাস দিলেও ৩ অক্টোবর বিকেল আনুমানিক ৫টার দিকে শিশু আভানের মৃত্যু হয়।
শিশু আভানের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় জড়িত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে শোকাহত পরিবার।
মন্তব্য (০)
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।