দুপুরে জামিন নিতে আদালতে এমপি, সন্ধ্যায় ফ্ল্যাটে মিলল দ্বিতীয় স্ত্রীর লাশ
রাজধানীর পল্লবী থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর আদালতে জামিননামা দাখিল করেছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। এর কয়েক ঘণ্টা পর রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের ফ্লাটে তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত লাশ উদ্ধারের সংবাদ পাওয়া গেছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়মের মরদেহ উদ্ধার করে পুলিশ।
ঘটনাস্থলে থাকা পুলিশের এক কর্মকর্তা জানান, রোববার দুপুরে গাজী নজরুল ইসলাম তার দুই স্ত্রীকে নিয়ে খাবার খান। এরপর বিকেল সাড়ে ৩টার দিকে তারা আলাদা কক্ষে চলে যান। বিকেল ৫টার পর মরিয়মকে ডাকতে গিয়ে তার কক্ষের দরজা বন্ধ দেখতে পান এমপি। পরে জানালা দিয়ে কক্ষের ভেতরে তাকিয়ে মরিয়মকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি। বিষয়টি পুলিশকে জানানো হলে শেরেবাংলা নগর থানার সদস্যরা ঘটনাস্থলে যান।
পরে পিবিআই ও সিআইডির ফরেনসিক দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেন। এরপর বন্ধ দরজা খুলে মরদেহ নিচে নামানো হয়।
এর আগে পল্লবী থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর রোববার আদালতে জামিননামা জমা দেন গাজী নজরুল ইসলাম।
অনৈতিক সম্পর্কের প্রতিবাদ এবং কথিত ভিডিও ফাঁসের সন্দেহে মারধর ও শ্বাসরোধ করে হত্যাচেষ্টার অভিযোগে গত ২১ জুলাই গাজী নজরুল ইসলামসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন তার ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর রহমান।
মামলাটিতে গত ১০ আগস্ট হাইকোর্ট গাজী নজরুল ইসলামকে আট সপ্তাহের জামিন দেন।
জানা গেছে, ন্যাম ভবন থেকে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে হেফাজতে নিয়েছে পুলিশ।
মন্তব্য (০)
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।