আন্তর্জাতিক

বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র

টিএইচটি রিপোর্ট • ২৯ সেপ্টেম্বর, ২০২৬
বাংলাদেশ ও ভারতসহ ২০ দেশ ও অঞ্চল থেকে আমদানি করা নির্দিষ্ট বিশেষায়িত ওষুধ এবং সংশ্লিষ্ট উপাদানে শূন্য শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) থেকে কার্যকর হওয়া এই সুবিধা সব ধরনের ওষুধের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় ফেডারেল রেজিস্টারে শুল্ক ছাড় পাওয়া দেশগুলোর তালিকায় বাংলাদেশের সঙ্গে রয়েছে ভারত, আর্জেন্টিনা, কম্বোডিয়া, ইকুয়েডর, এল সালভাদর, ইউরোপীয় ইউনিয়ন, গুয়েতেমালা, ইন্দোনেশিয়া, জাপান, জর্ডান, মালয়েশিয়া, নর্থ মেসিডোনিয়া, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড ও লিখটেনস্টাইন, তাইওয়ান, থাইল্যান্ড, যুক্তরাজ্য এবং ভিয়েতনাম।
মার্কিন বাণিজ্য দফতরের প্রকাশিত নির্দেশনায় বলা হয়েছে, শুল্ক ছাড়ের আওতায় রয়েছে বিরল রোগের ওষুধ, নিউক্লিয়ার মেডিসিন, প্লাজমা-নির্ভর চিকিৎসা, বন্ধ্যত্বের ওষুধ, কোষ ও জিন থেরাপি, অ্যান্টিবডি-ড্রাগ কনজুগেটস এবং পশুচিকিৎসায় ব্যবহৃত নির্দিষ্ট ওষুধ। এসব ওষুধের সক্রিয় উপাদান ও গুরুত্বপূর্ণ কাঁচামালও সুবিধার আওতায় থাকবে।
জানা গেছে, তালিকাভুক্ত দেশগুলোর যোগ্য পণ্য শূন্য শতাংশ শুল্ক সুবিধা পাবে। এসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিদ্যমান বা ভবিষ্যতে কার্যকর হতে যাওয়া বাণিজ্য ও নিরাপত্তা কাঠামো চুক্তি থাকার কারণেই এ ছাড় দেওয়া হয়েছে।