জাতীয়
কড়া নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়াম
টিএইচটি রিপোর্ট • ৩ অক্টোবর, ২০২৬
সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে রওনা দিয়েছে ইউরেনিয়াম বহনকারী গাড়িবহর। তিনটি লরিতে করে প্রথম ইউনিটের জন্য আনা এই জ্বালানি রূপপুরে নেওয়া হচ্ছে।
জানা গেছে, শনিবার (৩ অক্টোবর) সকাল ৭টা ১৫ মিনিটের দিকে গাড়িবহরটি ঈশ্বরদীর রূপপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সেনাবাহিনীর পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে রয়েছেন এসআরবি, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।জ্বালানি পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা-পাবনা মহাসড়কে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। জ্বালানিবাহী গাড়িবহর চলাচলের সময় মহাসড়কের একটি লেন সম্পূর্ণ ফাঁকা রাখা হয়েছে।
এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ইউরেনিয়াম বহনকারী একটি বিশেষ বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা চালানটি গ্রহণ করেন।