জাতীয়

মাছ ধরতে নেমে পুকুরের পানিতে ডুবে ভাই ও বোনের মৃত্যু

টিএইচটি রিপোর্ট • ৮ সেপ্টেম্বর, ২০২৬
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নে মাছ ধরতে নেমে পুকুরের পানিতে ডুবে ভাই ও বোনের মৃত্যু হয়েছে। 
সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢলুয়াবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। 
চর বিষ্ণুপুর গ্রামের মমিনুর ইসলামের ছেলে সিয়াম (৮) এবং খামার গ্রামের দুলালের মেয়ে মোফাসসিরা (৭) সম্পর্কে খালাতো ভাইবোন। তারা পরিবারের সঙ্গে ঢলুয়াবাড়ী গ্রামের নানির বাড়িতে বেড়াতে এসেছিল।
বেলা ১১টার দিকে সিয়াম ও মোফাসসিরাসহ প্রতিবেশী আরেক শিশু বাড়ির পাশের পুকুরে মাছ ধরতে নামে। তারা ছেঁড়া মশারি দিয়ে জাল তৈরি করে মাছ ধরছিল। একপর্যায়ে সিয়াম ও মোফাসসিরা পানিতে ডুবে যায়। সঙ্গে থাকা প্রতিবেশী শিশুটি বিষয়টি কাউকে না জানিয়ে ভয়ে বাড়িতে চলে যায়।
পরে দুপুর ১টার দিকে স্থানীয় কয়েকজন পুকুরে সিয়ামের লাশ ভাসতে দেখেন। খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন সেখানে গিয়ে প্রথমে সিয়ামের লাশ উদ্ধার করেন। পরে পানির নিচ থেকে মোফাসসিরার লাশ উদ্ধার করা হয়।