স্বাস্থ্য
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
টিএইচটি রিপোর্ট • ৫ অক্টোবর, ২০২৬
মানুষের মস্তিষ্কের কোষ কীভাবে স্মৃতি, অনুভূতি ও আচরণ নিয়ন্ত্রণ করে— দীর্ঘদিনের এই রহস্য উন্মোচনের জন্য ২০২৬ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন- যুক্তরাষ্ট্রের কার্ল ডেইসেরথ এবং জার্মানির পিটার হেগেম্যান ও জর্জ নাগেল।সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩ টায় সুইডেনের রাজধানী স্টকহোম থেকে তাদের নাম ঘোষণা করা হয়।
আলো-নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল এবং অপটোজেনেটিক্স-সংক্রান্ত গুরুত্বপূর্ণ আবিষ্কারের স্বীকৃতি হিসেবে তাদের এ পুরস্কার দেওয়া হয়েছে। এ বছরের চিকিৎসাবিজ্ঞানে নোবেলজয়ীদের নির্বাচিত করেছে সুইডেনের করোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি।
জানা গেছে, ৫৪ বছর বয়সী কার্ল ডেইসেরথ যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক। ৭১ বছর বয়সী পিটার হেগেম্যান জার্মানির বার্লিনের হামবোল্ট বিশ্ববিদ্যালয়ে কাজ করছেন। আর ৭৩ বছর বয়সী জর্জ নাগেল জার্মানির ভুরৎসবুর্গ বিশ্ববিদ্যালয়ের গবেষক।
তাদের উদ্ভাবিত পদ্ধতি এখন বিশ্বের বিভিন্ন গবেষণাগারে ব্যবহার করা হচ্ছে।
এই প্রযুক্তির সাহায্যে বিজ্ঞানীরা মস্তিষ্কের জটিল কার্যক্রম এবং এর নানা রহস্য বোঝার চেষ্টা করছেন।