জাতীয়

প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে, নারীর মৃত্যু

টিএইচটি রিপোর্ট • ৪ সেপ্টেম্বর, ২০২৬
বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীকে বহনকারী গাড়ির সামনে হঠাৎ এক নারী চলে এলে তাকে বাঁচাতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ধানক্ষেতে পড়ে গেছে। তবে গাড়িটির ধাক্কায় আহত পথচারী নারীকে বাঁচানো যায়নি।
ফিরোজা (৫৫) নামে ওই নারীর বাড়ি শিবগঞ্জের গোপিনাথপুর গ্রামে। সে মৃত নিজাম উদ্দিনের স্ত্রী। 
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার কিচক বাজারসংলগ্ন গোপীনাথপুর এলাকায় জয়পুরহাট-মোকামতলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে ঢাকা থেকে জয়পুরহাটের উদ্দেশে যাচ্ছিলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারী। গোপিনাথপুর এলাকায় তার গাড়িবহর পৌঁছালে হঠাৎ গাড়ির সামনে ফিরোজা চলে আসেন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জমিতে নেমে যায়। এ ঘটনায় ফিরোজা নারী আহত হন। পরে তাকে হাসপাতালে পাঠান স্থানীয়রা।
বেলা ১২ টার দিকে বগুড়া সদরের বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফিরোজা।