জাতীয়
সাভারে কাভার্ড ভ্যানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন, নিহত ৭
টিএইচটি রিপোর্ট • ২১ সেপ্টেম্বর, ২০২৬
সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় একটি তৈরি পোশাক কারখানা চত্বরে কাভার্ড ভ্যানে থাকা সিলিন্ডার বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন।রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার জামগড়া এলাকায় প্রিটি গ্রুপের একটি কারখানা চত্বরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে এই অগ্নিকাণ্ড ঘটে।
জানা গেছে, কাভার্ড ভ্যান থেকে গ্যাস সিলিন্ডার আনলোড করার সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণের পর কারখানা এলাকায় পরপর বেশ কয়েকটি বিকট শব্দ শোনা যায়। অনেক দূর থেকেই আগুনের কুণ্ডলি দেখা গেছে। বিকট শব্দে বিস্ফোরণের পরপরই কারখানার শ্রমিকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারখানার জানালা-দরজার গ্লাস ভেঙে পড়ে।
জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাবুদ্দিন বলেন, সন্ধ্যায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর রাত পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।