কৃষি
কৃষকদের জন্য চালু হবে ‘রাষ্ট্রপতি কৃষি পুরস্কার’
টিএইচটি রিপোর্ট • ২৮ সেপ্টেম্বর, ২০২৬
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষকরা হচ্ছেন দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ। তারাই দেশ গড়ার যোদ্ধা।তিনি বলেন, এই কৃষকদের সম্মান জানাতে ও তাদের অনুপ্রাণিত করতে কৃষি ক্ষেত্রে নতুন-নতুন উদ্ভাবন ও অসামান্য অবদানের জন্য 'রাষ্ট্রপতি কৃষি পুরস্কার' চালুর উদ্যোগ নেওয়া হবে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বঙ্গভবনে বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি মো. সিদ্দিকুর রহমান কুল ময়েজের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা। কৃষকের শ্রম, নতুন উচ্চফলনশীল জাত ও আধুনিক প্রযুক্তির ব্যবহারে দেশের ফসল উৎপাদন বহুগুণ বেড়েছে। কৃষকেরা দুর্নীতি না করে সমাজ ও রাষ্ট্রের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলেও মন্তব্য করেন তিনি।
কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কার্যকর বিপণন ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি। পাশাপাশি কৃষকদের স্বার্থে দল-মত-পথের ঊর্ধ্বে একটি জাতীয় কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান জানান তিনি।