জাতীয়
লঞ্চ ভাড়া কম দূরত্বে ২২ পয়সা, বেশি দূরত্বে ১৯ পয়সা বাড়ল
টিএইচটি রিপোর্ট • ২৫ সেপ্টেম্বর, ২০২৬
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাসের ভাড়ার পর এবার বাড়লো লঞ্চ ভাড়াও। একজন যাত্রীর লঞ্চ ভাড়া কম দূরত্বে প্রতি কিলোমিটারে ২২ পয়সা ও বেশি দূরত্বে ১৯ পয়সা বেড়েছে। কম দূরত্বে লঞ্চের ভাড়া ৭ দশমিক ৪৬ শতাংশ ও বেশি দূরত্বের ক্ষেত্রে ৭ দশমিক ৫৪ শতাংশ বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) লঞ্চের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।
নতুন ভাড়া বৃহস্পতিবার থেকেই কার্যকর হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
লঞ্চ ভাড়া ১০০ কিলোমিটার পর্যন্ত ২ টাকা ৯৫ পয়সা থেকে ২২ পয়সা বেড়ে ৩ টাকা ১৭ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে ভাড়া ২ টাকা ৫২ পয়সা থেকে ১৯ পয়সা বাড়িয়ে ২ টাকা ৭১ পয়সা নির্ধারণ করা হয়েছে।
জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ৩২ টাকা থেকে ৩ টাকা বাড়িয়ে ৩৫ টাকা করা হয়েছে।
এ ভাড়ার হার সকল নদী বন্দরের টার্মিনাল এবং নৌযানের দৃশ্যমান স্থানে আবশ্যিকভাবে প্রদর্শন করতে হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।