রাজনীতি
কুষ্টিয়ার লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
টিএইচটি রিপোর্ট • ৪ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন আখড়া পরিদর্শনে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ উঠেছে।রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সফরসঙ্গীদের নিয়ে লালন শাহের মাজারে প্রবেশ করেন পাটওয়ারী। আখড়াবাড়ি পরিদর্শন শেষে লালনশিল্পীদের গান শুনে আখড়া থেকে বের হচ্ছিলেন। প্রধান ফটকের কাছে আসা মাত্র একদল ব্যক্তি তার ওপর হামলা চালান এবং বাইরে থাকা তার গাড়িতে ভাঙচুর করেন।
হামলার সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় কয়েকজন এগিয়ে এসে নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিরাপদে লালন আখড়ার মাজার প্রাঙ্গণে নিয়ে যান। পরে খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার সফর সঙ্গীদের উদ্ধার করে।
তবে গাড়ি ভাঙচুর, হামলার কারণ বা কারা এতে জড়িত, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে নাসীরুদ্দীন পাটওয়ারী কুমারখালীর শিলাইদহে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি পরিদর্শন করেন। সেখান থেকে তিনি লালন শাহের আখড়াবাড়িতে যান।