খেলা

জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ল গ্রিস

টিএইচটি রিপোর্ট • ২৮ সেপ্টেম্বর, ২০২৬
বিশ্ব ফুটবলের চারবারের চ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে অবশেষে অধরা প্রথম জয়ের মুখ দেখল গ্রিস। টানা ১০ ম্যাচের পরাস্ত ও অমীমাংসিত ইতিহাস পাল্টে দিয়ে ১-০ গোলের এক ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়েছে গ্রিকরা। ১৯৬০ সাল থেকে শুরু হওয়া দুই দলের প্রতিদ্বন্দ্বিতায় ১১তম ম্যাচে এসে প্রথমবার জার্মানদের হারাতে পারল তারা।
অগসবুর্গে ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে আধিপত্য ছিল জার্মানির। গোলমুখে একের পর এক আক্রমণ করলেও গ্রিসের রক্ষণ ভাঙতে পারেনি তারা। অন্যদিকে পুরো ম্যাচে জার্মানির পোস্টে গ্রিসের শট ছিল মাত্র একটি সেটিই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দেয়।
ম্যাচের একমাত্র গোলটি করেন ক্রিস্টোস জোলিস। জার্মানির ডান প্রান্ত দিয়ে জোশা ভাগনোমানকে কাটিয়ে কুরবেলিসের কাছে বল বাড়ান আর্সেনালের এই উইঙ্গার। এরপর ফেলিক্স নেমেচাকে ফাঁকি দিয়ে নিচু শট নেন জোলিস। তার নেওয়া শট জার্মান অধিনায়ক জোশুয়া কিমিচের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়।
গোল শোধে এরপর জার্মানি মরিয়া হয়ে উঠলেও গ্রিসের জমাট রক্ষণ ভাঙতে পারেনি। ফলে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে গ্রিস।