জাতীয়
দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমার জন্য অনুদান বাড়াল সরকার
টিএইচটি রিপোর্ট • ২৯ সেপ্টেম্বর, ২০২৬
দুর্গাপূজা উপলক্ষ্যে সারা দেশের পূজামণ্ডপগুলোর জন্য প্রধানমন্ত্রীর তহবিল থেকে বিশেষ বরাদ্দ এবার বাড়ানো হয়েছে। সরকারের পক্ষ থেকে পাঁচ কোটি টাকা অনুদান দেওয়া হবে। গতবছর এ খাতে চার কোটি টাকা বরাদ্দ থাকলেও এবার প্রধানমন্ত্রী আরও এক কোটি টাকা বাড়িয়েছেন। সেই সঙ্গে প্রবারণা পূর্ণিমা উপলক্ষ্যে বৌদ্ধ সম্প্রদায়ের জন্যও বিশেষ বরাদ্দ এক কোটি টাকা বাড়ানো হয়েছে। আগে যেটি ছিল সর্বোচ্চ ২ কোটি টাকা। এবার তারা তিন কোটি টাকা বিশেষ বরাদ্দ হিসেবে পাবেন।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সরকারের এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ড. সালেহ শিবলী এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার।
ড. সালেহ শিবলী বলেন, প্রধানমন্ত্রী সনাতন ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব উপলক্ষে অনুদান বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। অতীতের কোনো সরকার এতো অনুদান দেয়নি। এটি প্রধানমন্ত্রীর অসাম্প্রদায়িক দেশ গড়ার পদক্ষেপের একটি অংশ। তিনি জানান, ২৬ অক্টোবর বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চিবরদান অনুষ্ঠানে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
বিজয় কান্তি সরকার বলেন, বৌদ্ধ সম্প্রদায়ের শুভ প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উৎসব অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়ে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত বিভিন্ন পর্যায়ে অনুষ্ঠিত হবে।