শিক্ষা

স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন করে বিজ্ঞপ্তি দিল মন্ত্রণালয়

টিএইচটি রিপোর্ট • ২১ সেপ্টেম্বর, ২০২৬
২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম-এর ছুটির তারিখ সংশোধন করে নতুন তারিখ নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এ ছুটি পালিত হবে।
রোববার (২০ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (সরকারি মাধ্যমিক-১) উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত ২০ মে জারিকৃত প্রজ্ঞাপনটি আংশিক সংশোধন করে ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহমের তারিখ পরিবর্তনপূর্বক ২৩ সেপ্টেম্বর ২০২৬ নির্ধারণ করা হয়েছে। এর আগে স্কুল ও কলেজের ছুটির তালিকায় এই পবিত্র দিনটির ছুটি ২৪ সেপ্টেম্বর নির্ধারিত ছিল, যদিও এই ছুটি মূলত চাঁদ দেখার ওপর নির্ভরশীল।
এদিকে, ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটির তারিখ পরিবর্তনের ফলে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখও এক দিন পেছানো হয়েছে। বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বঘোষণা অনুযায়ী ২৩ সেপ্টেম্বর একাদশ শ্রেণির ক্লাস শুরুর কথা থাকলেও ওই দিন ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছুটি থাকায় ক্লাস শুরুর নতুন তারিখ আগামী ২৪ সেপ্টেম্বর পুনর্নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট সকল শিক্ষার্থী ও অভিভাবকদের বিষয়টি ইতিমধ্যে অবহিত করা হয়েছে।