পরিবেশ
দেশি গাছে সাজছে ঢাকা বিশ্ববিদ্যালয়
টিএইচটি রিপোর্ট • ১৭ সেপ্টেম্বর, ২০২৬
দ্রুত ‘লাভজনক’ ইউক্যালিপ্টাস, আকাশমনির মতন বিদেশি গাছে যখন ছেয়ে গেছে চারপাশ, তখন দেশি গাছে ক্যাম্পাস সাজানোর উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।ক্যাম্পাসের গাছপালা ব্যবস্থাপনার দায়িত্বে থাকা আরবরি কালচার বলছে, সম্প্রতি তারা বিভিন্ন প্রজাতির তিন সহস্রাধিক দেশি গাছ বিতরণ করেছে। যার মধ্যে রয়েছে- শাল, লটকন, বট, পাকুড়, ডুমুর, আম, জাম, শিমুল, পলাশ, হিজল, ছাতিম, কদম, শাল, তাল, তেঁতুল, অর্জুন, জারুল, জলপাই, নিম, আমলকি, কৃষ্ণচূড়া, শীলকড়ই, ঝাউ, হরিতকি, বহেড়া, গর্জন প্রভৃতি। বিভিন্ন হল ও আবাসিক এলাকায় রোপণের জন্য বিলি করা হয়েছে এসব গাছ।
গবেষণা কেন্দ্র আরবরি কালচারের পরিচালক অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন বলছেন, ক্যাম্পাসে বিদেশি গাছের ভিড়ে দিন দিন হারিয়ে যেতে বসেছে দেশি গাছ। আর তাতে নষ্ট হচ্ছে বাস্তুতন্ত্র। অথচ একসময় ঢাকা শহরে শালবন ছিল, যেখানে ৯০ শতাংশ গাছই ছিল শাল। তার বাইরে অন্তত ১০০ প্রজাতির দেশীয় বৃক্ষ ছিল- যেগুলো কোনোটা ফুলের জন্য, কোনোটা ফলের জন্য, কোনোটা ওষুধের জন্য কিংবা কোনোটা বন্যপ্রাণীর জন্য। কোনোটা পরিবেশের জন্য উপযুক্ত। সেই গাছগুলো আমাদের এখানে আর নাই।
ঢাকা বিশ্ববিদ্যালয়কে জীববৈচিত্র্যপূর্ণ ও পরিবেশবান্ধব করতে বিলুপ্তির পথে রয়েছে- এমন গাছও রোপণ করা হচ্ছে বলে জানান অধ্যাপক জসীম।