জাতীয়

বাসভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা

টিএইচটি রিপোর্ট • ২২ সেপ্টেম্বর, ২০২৬
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ডিজেল চালিত সাধারণ বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানো হয়েছে। 
নতুন বাস ভাড়া মঙ্গলবার থেকেই কার্যকর হবে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম সাংবাদিকদের এ কথা জানান।
সড়ক মন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ার কারণে পরিবহন মালিকেরা প্রচলিত হিসাব অনুযায়ী কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়ানোর দাবি করেছিলেন। তবে জনস্বার্থ ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় ১৭ পয়সা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাসভাড়া বৃদ্ধির পর দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বৃদ্ধি পেয়ে ২ টাকা ৪০ পয়সা; ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বৃদ্ধি পেয়ে ২ টাকা ৭০ পয়সা হয়েছে।