কৃষি

দিনাজপুরে লক্ষ্যমাত্রার অতিরিক্ত আমন চাষে বাম্পার ফলন

টিএইচটি রিপোর্ট • ২৯ সেপ্টেম্বর, ২০২৬
দিনাজপুর জেলায় চলতি আমন মৌসুমে লক্ষ্যমাত্রার অতিরিক্ত ১ হাজার ৪৮০ হেক্টর জমিতে আমন ধান চাষ হওয়ায় মোট ২ লক্ষ ৭৩ হাজার ৭৫০ হেক্টর জমিতে আমন ধানের বাম্পার ফলন হয়েছে।
দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. আফজাল হোসেন এই তথ্য জানান।
তিনি জানান, চলতি বছর জেলায় মোট ২ লাখ ৭২ হাজার ২৭০ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। মৌসুমের শুরু থেকেই আমন ধান চাষযোগ্য অনুকূল আবহাওয়া থাকায় লক্ষ্যমাত্রার অতিরিক্ত ১ হাজার ৪৮০ হেক্টর জমিতে আমন ধান চাষ করা সম্ভব হয়েছে। কোনো প্রকৃতিক দুর্যোগ না হলে এবারে আমন ধানের বাম্পার ফলন হওয়ার সম্ভবনা রয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, দিনাজপুর জেলার ১৩টি উপজেলাভিত্তিক লক্ষ্যমাত্রার মধ্যে দিনাজপুর সদরে ২৫ হাজার ৫২০ হেক্টর, বিরলে ২৪ হাজার ৭শ’ হেক্টর, বোচাগঞ্জে ১৭ হাজার ৮শ’ হেক্টর, কাহারোলে ১৪ হাজার ৭শ’ হেক্টর, বীরগঞ্জে ২৪ হাজার ৬৫০ হেক্টর, খানসামায় ১৪ হাজার ৪শ’ হেক্টর, চিরিরবন্দরে ২৪ হাজার ৯শ’ হেক্টর, পার্বতীপুরে ২২ হাজার ৭৫০ হেক্টর, ফুলবাড়ীতে ২৪ হাজার ২৫০ হেক্টর, বিরামপুরে ২৪ হাজার ২৫০ হেক্টর, নবাবগঞ্জে ২৪ হাজার ৩৫০ হেক্টর, হাকিমপুরে ১২ হাজার ৬৫০ হেক্টর এবং ঘোড়াঘাটে ১৭ হাজার ৩৫০ হেক্টর জমিতে আমন চাষ নির্ধারণ করা হয়েছিল। সব উপজেলাগুলো মিলে ১ হাজার ৪৮০ হেক্টর জমিতে অতিরিক্ত আমন ধান চাষ করা সম্ভব হয়েছে।
আরো জানা গেছে, দেশের খাদ্য উৎপাদিত জেলা হিসেবে পরিচিত দিনাজপুরে এবারে কোনো ধরনের বন্যা, প্রাকৃতিক দুর্যোগ না থাকায় আমনের বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিগত সময় জেলায় উৎপাদিত ধানের অর্ধেক এই জেলার খাদ্যের চাহিদা পূরণ করত। এবারে গত ইরি-বোরো মৌসুম এবং চলতি আমন মৌসুমে বাম্পার ধানের ফলন উৎপাদিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ধানের অর্ধেকের বেশি উৎপাদিত চাল দেশের অন্য জেলায় চাহিদা পূরণ করা সম্ভব হবে।