খেলা
নেপালে বন্যায় নিহতদের স্মরণে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ
টিএইচটি রিপোর্ট • ১৭ সেপ্টেম্বর, ২০২৬
২০২৭ সালের মার্চে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের নেপাল সফরের প্রস্তাবে সম্মতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় প্রাণ হারানো ব্যক্তিদের স্মরণে উৎসর্গ করা হবে সিরিজটি। আগামী বছরের ২৬, ২৮ ও ৩০ মার্চ কাঠমান্ডুতে তিনটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।
এই সিরিজের আলোচনা শুরু হয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক ও বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারির বৈঠকের মাধ্যমে। পরে আজ বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত ভান্ডারি। বৈঠকে বাংলাদেশ দলের প্রস্তাবিত নেপাল সফরের পাশাপাশি দুই দেশের ক্রিকেটীয় সহযোগিতা নিয়েও আলোচনা হয়।
এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, 'ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি বিসিবি গভীর সহানুভূতি প্রকাশ করছে এবং তাদের স্মৃতির উদ্দেশ্যে সিরিজটি উৎসর্গ করার গুরুত্ব স্বীকার করছে।'
বিসিবি আরও জানায়, 'এই তিন ম্যাচ বাংলাদেশ ও নেপালের ক্রিকেটের মাধ্যমে একত্রিত হওয়ার এবং গভীর শোকের এই সময়ে বন্ধুত্ব ও সংহতির বার্তা পৌঁছে দেওয়ার সুযোগ করে দেবে।