আন্তর্জাতিক
বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন ডলার সহায়তা দিল বাংলাদেশ
টিএইচটি রিপোর্ট • ৪ সেপ্টেম্বর, ২০২৬
আকস্মিক ও ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপালের ত্রাণ ও মানবিক কার্যক্রমে সহায়তার জন্য দেশটিকে ১০ লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছে বাংলাদেশ। নেপালের চলমান ত্রাণ, পুনরুদ্ধার ও মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে দেশটির প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে এ অর্থ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারির কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে লেখা একটি চিঠি হস্তান্তর করেন। এ সময় তিনি বাংলাদেশ সরকারের দেওয়া আর্থিক সহায়তার বিষয়টিও রাষ্ট্রদূতকে অবহিত করেন।
এর আগে, গত ১ সেপ্টেম্বর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ঢাকায় নেপাল দূতাবাসে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেন। এছাড়া নেপালে ঘটে যাওয়া এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে গত ২৭ আগস্ট বাংলাদেশের জাতীয় সংসদে একটি শোক প্রস্তাব গৃহীত হয়।