অর্থনীতি
বন্ধ শিল্প পুনরায় চালুর জন্য বাংলাদেশ ব্যাংকের ২০ হাজার কোটি টাকার বিশেষ স্কিম
টিএইচটি রিপোর্ট • ১৭ সেপ্টেম্বর, ২০২৬
বন্ধ শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠান পুনরায় চালু করতে ২০ হাজার কোটি টাকার বিশেষ স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। ‘বন্ধ শিল্প ও সেবা খাত সহায়ক প্রাক-অর্থায়ন স্কিম’-এর আওতায় ব্যাংকগুলোর মাধ্যমে এসব প্রতিষ্ঠানে অর্থায়নের সুযোগ দেয়া হবে।এ স্কিমের আওতায় গ্রাহক পর্যায়ে ঋণের সুদহার সর্বোচ্চ ৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ঋণগ্রহীতাদের জন্য ছয় মাসের গ্রেস পিরিয়ড রাখা হয়েছে। অর্থাৎ ঋণ পাওয়ার পর প্রথম ছয় মাস গ্রাহকের কাছ থেকে কোনো সুদ আদায় করা যাবে না।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।
সার্কুলারে বলা হয়, বন্ধ শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠানগুলো পুনরায় চালুর সুযোগ তৈরি করতে ব্যাংকগুলোকে এ স্কিমের আওতায় অর্থায়ন করতে হবে। এজন্য বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকগুলোকে প্রাক-অর্থায়ন দেয়া হবে।
নীতিমালা অনুযায়ী, বাংলাদেশ ব্যাংক থেকে নেয়া প্রাক-অর্থায়নের বিপরীতে ব্যাংকগুলোকে ৪ শতাংশ হারে সুদ দিতে হবে। তবে প্রাক-অর্থায়ন নেয়ার পর প্রথম ছয় মাস এ সুদ পরিশোধ করতে হবে না।
গ্রেস পিরিয়ড শেষ হওয়ার পর ব্যাংকগুলোকে ত্রৈমাসিক ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের কাছে সুদ পরিশোধ করতে হবে। এসময় প্রথম দুই ত্রৈমাসিকের বকেয়া সুদও পরিশোধ করতে হবে।