কৃষি

বামার লাইসেন্স বাতিল বিসিপিএর সঙ্গে একীভূত করার নির্দেশ

টিএইচটি রিপোর্ট • ১২ সেপ্টেম্বর, ২০২৬
বাংলাদেশ এগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বামা) লাইসেন্স বাতিল করেছে বাণিজ্য মন্ত্রণালয়। সংগঠনটিকে বাংলাদেশ ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশন (বিসিপিএ)-এর সঙ্গে একীভূত করার উদ্দেশ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বামার অধিকাংশ সদস্য আগে ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশনের সদস্য ছিল এবং এখনও অনেকে সদস্য হিসেবে রয়েছে। ক্রপ প্রোটেকেশন অ্যাসোসিয়েশনের সদস্য ১,২৩০ এবং বামার সদস্য ২০।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, বামা বালাইনাশকের কাঁচামাল আমদানি ও উৎপাদন ব্যবসার সঙ্গে সম্পৃক্ত প্রতিষ্ঠানগুলোর সংগঠন। সংগঠনটির অধিকাংশ সদস্য টি.ও. লাইসেন্স পাওয়ার আগে বাংলাদেশ ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশনের সদস্য ছিল এবং এখনও অনেকেই ওই সংগঠনের সদস্য হিসেবে রয়েছেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বাংলাদেশ ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশনের সদস্য সংখ্যা ১ হাজার ২৩০। অন্যদিকে বাংলাদেশ এগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সদস্য ২০টি ব্যবসায়ী প্রতিষ্ঠান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংগঠন দুটির উদ্দেশ্য, প্রকৃতি ও কার্যপরিধি একই ধরনের। একই খাতে একাধিক সংগঠন থাকায় বালাইনাশক আমদানি, উৎপাদন, বিতরণ ও বাজারজাতকরণে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এ কারণে বালাইনাশক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত একটি বাণিজ্য সংগঠন থাকাই যুক্তিযুক্ত বলে মনে করেছে সরকার।