আন্তর্জাতিক
রাশিয়ায় তুষারধসে ১১ পর্বতারোহী নিহত
টিএইচটি রিপোর্ট • ৮ সেপ্টেম্বর, ২০২৬
রাশিয়ার উত্তর ককেশাসের কাবারদিনো-বালকারিয়া অঞ্চলে পর্বতারোহীদের একটি দলের ওপর তুষারধসের ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন এবং ছয়জন এখনো নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় জরুরি পরিষেবা কর্তৃপক্ষ জানিয়েছে।রবিবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে উত্তর ককেশাসের অন্যতম সর্বোচ্চ শৃঙ্গ মিঝিরগি পর্বত থেকে তুষারধস নেমে আসে। এ সময় ৩৩ জন পর্বতারোহীর একটি দল ওই এলাকায় ছিল।
জানা গেছে, সোমবার স্থানীয় সময় সকাল ৯টা পর্যন্ত ১০ জন পর্বতারোহী নিজেরাই পর্বত থেকে নিচে নেমে আসতে সক্ষম হয়েছেন। তবে আরও ছয়জনের কোনো সন্ধান পাওয়া যায়নি। তাদের ভাগ্যে কী ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করেছে জরুরি সেবাকর্মীরা। অভিযানে ৫০ জনের বেশি উদ্ধারকর্মী অংশ নিয়েছেন। তবে দুর্গম পাহাড়ি ভূখণ্ড এবং ফের তুষারধসের উচ্চ ঝুঁকির কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।