আন্তর্জাতিক

মক্কার কাছে ড্রোন হামলার চেষ্টা ‘কালো অধ্যায়’ হয়ে থাকবে: সৌদি আরব

টিএইচটি রিপোর্ট • ১৬ সেপ্টেম্বর, ২০২৬
মক্কার কাছে ড্রোন হামলার চেষ্টাকে ‘কালো অধ্যায়’ হিসেবে উল্লেখ করেছে সৌদি আরব। 
দেশটির দাবি, মুসলিমদের অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যেই এ ধরনের পরিকল্পিত উসকানি চালানো হয়েছে। একই সঙ্গে ইয়েমেনের ইরানপন্থি হুতি গোষ্ঠীর বিরুদ্ধে প্রয়োজনীয় ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে রিয়াদ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন।
সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর মুখপাত্র তুর্কি আল মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ‘এই শত্রুতাপূর্ণ প্রচেষ্টা উগ্র সন্ত্রাসী বাহিনী হুতি মিলিশিয়ার লঙ্ঘনের তালিকায় আরেকটি কালো অধ্যায় হিসেবে থেকে যাবে। এটি লাখো মুসলমানের অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে করা একটি পরিকল্পিত কর্মকাণ্ড।’ হুতিদের বিরুদ্ধে ‘প্রয়োজনীয় ও প্রতিরোধমূলক ব্যবস্থা’ নেওয়ার অঙ্গীকারও করেন তিনি।
মক্কার কাছে ড্রোন ভূপাতিতের ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন ইয়েমেন ও সৌদি আরবের মধ্যে উত্তেজনা নতুন করে বাড়ছে। রিয়াদের দাবি, চলতি সপ্তাহের শুরুতে হুতিরা সৌদি আরবের কয়েকটি শহর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এসব হামলায় খামিস মুশাইত, আভা ও তাইফ শহরে ১৩ জন বেসামরিক নাগরিক আহত হন।